নারীদের বেতন বৈষম্যের মামলায় ৪৩.৩ মিলিয়ন ডলার দিতে রাজি ডিজনি

২৭ নভেম্বর, ২০২৪ ১০:৫৮  

বিশ্বখ্যাত বিনোদন কোম্পানি ওয়াল্ট ডিজনি ক্যালিফোর্নিয়ার নারী কর্মীদের বেতন বৈষম্যের অভিযোগে করা একটি মামলায় ৪৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। সোমবার মামলাটির বাদীপক্ষের আইনজীবীরা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

২০১৯ সালে লারন্ডা রাসমুসেন প্রথম এই মামলা করেন। তিনি জানতে পারেন যে একই পদে থাকা ছয়জন পুরুষ সহকর্মী তার চেয়ে অনেক বেশি বেতন পাচ্ছেন। এর মধ্যে একজন পুরুষ, যার অভিজ্ঞতা তার চেয়ে কম, বছরে ২০ হাজার ডলার বেশি আয় করছিলেন।

এ মামলায় প্রায় নয় হাজার বর্তমান ও প্রাক্তন নারী কর্মী অংশগ্রহণ করেন। যদিও ডিজনি ক্লাস অ্যাকশন মামলা থামানোর চেষ্টা করেছিল, তবে গত ডিসেম্বর একটি আদালত মামলাটি চালিয়ে যাওয়ার আদেশ দেন।

সমঝোতার অংশ হিসেবে, ডিজনি আগামী তিন বছর একটি শ্রম অর্থনীতিবিদ নিয়োগ করবে, যিনি ক্যালিফোর্নিয়ার ফুলটাইম, নন-ইউনিয়ন কর্মচারীদের (ভাইস প্রেসিডেন্ট পদের নিচে) বেতনের সাম্যতা বিশ্লেষণ করবেন এবং কোনো বৈষম্য থাকলে তা সমাধান করবেন।

আইনজীবী লরি অ্যান্ড্রুস বলেন, “আমি রাসমুসেন এবং ডিজনির বিরুদ্ধে এই বৈষম্যের মামলা করা নারীদের সাহসিকতার প্রশংসা করছি। তারা তাদের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে ডিজনির বেতন বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন।”

এক বিবৃতিতে ডিজনি জানায়, "আমরা সবসময় আমাদের কর্মচারীদের ন্যায্য বেতন দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং মামলাটির সমাধানে আমরা সন্তুষ্ট।"

ডিজনির মানবসম্পদ তথ্যের উপর একটি বিশ্লেষণে দেখা গেছে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত নারী কর্মীরা তাদের পুরুষ সহকর্মীদের তুলনায় গড়ে ২ শতাংশ কম বেতন পেতেন। এই বিশ্লেষণ করেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডেভিড নিউমার্ক।

ক্যালিফোর্নিয়ার একটি রাজ্য আদালতে দাখিল করা এই সমঝোতা চুক্তি এখনো আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ডিবিটেক/বিএমটি